
মালদা, নিজস্ব প্রতিনিধি : এসআইআর হিয়ারিং-এর নোটিশ পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম। নোটিশ হাতে পেয়েই তিনি পুরাতন মালদা বিডিও অফিসে গিয়ে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নির্ধারিত হিয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। একই সঙ্গে তিনি এসআইআর হিয়ারিং নিয়ে হয়রানির অভিযোগ তুলে সরব হন। উল্লেখ্য, সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন এসআইআর হিয়ারিং-এর ডাক পাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রক্রিয়াকে হয়রানিমূলক বলে দাবি করে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন এখনও চলছে।
এই পরিস্থিতির মধ্যেই তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম হিয়ারিং-এর নোটিশ পাওয়ায়।রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার নোটিশ হাতে নিয়েই তিনি বিডিও অফিসে হাজির হয়ে হিয়ারিংয়ে অংশ নেন।হিয়ারিং শেষে সফিকুল ইসলামের বক্তব্য, তাঁর কাছে প্রয়োজনীয় সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং সেগুলি দেখাতেও তিনি প্রস্তুত। তবে তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসআইআর-এর নামে তৃণমূল নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, এই হয়রানির বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষই যোগ্য জবাব দেবে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
